Sunday, October 11, 2009

পরিব্রাজক

তোমার হাত ছুঁয়ে এলো মেঘ

পর্বতমালার আদিম বৃক্ষ উল্লাসে

বর্ষা দিয়ে গেল এক নদী

আমি কি তখন কেঁপেছিলাম জ্বরে-উথাল পাথাল

প্রার্থনার বেলপাতায়?

চতুর দূরত্বে চোখের আড়ালে

জমা করেছি অযাচিত মেঠো ধূলাপথ

দূরের কাশবনে তাকাতে তাই গোপনীয় ভীতিবোধ

আমি কি পারি খুলে দিতে

জন্মের থেকে জমা করা মহেঞ্জোদারো-

আকৃষ্ট কবি কি মহৎ পরিব্রাজক?আমি

কি পারি প্লাবনের পরে

আবার ফেরাতে শষ্যদানা, ভরা-নদী নুয়ে যাওয়া

সবুজ ঘাসের চারা।।!

আবার কাঁপন কি জমে জমানো আদিম জ্বরে

গাছের ছালের মতন খসে যেতে পারি

পুরোনো সভ্যতার মতন খুলে দিতে পারি

ঘষামাজা নতুন কাঠের দ্বার-

বলি হওয়া যেতে পারে খোদাই শিল্পীর নমিত

হাতুরি বাটলে

আবার ভাসব বলে, আবার উড়ব বলে

ভেতরে রেখতে পারি নীড় আর চড়;

ভেতরে রাখতে পারি লোকালয়নাশা প্রবল পলির ঢেউ!


No comments:

Post a Comment